সিলেটে ৩৫ করদাতাকে সম্মাননা
প্রচ্ছদ » Uncategorized » সিলেটে ৩৫ করদাতাকে সম্মাননা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিলেট বিভাগের সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, তরুণ ও নারী এই চার ক্যাটাগরিতে ৩৫ করদাতাকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার বিকেলে সিলেট নগরের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সিলেট বিভাগের চার জেলার ১০ জন দীর্ঘমেয়াদি করদাতা, ১৫ জন সর্বোচ্চ করদাতা, পাঁচজন সর্বোচ্চ নারী করদাতা এবং পাঁচজন সর্বোচ্চ তরুণ করদাতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ট্যাক্সেস অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. সিরাজুল ইসলাম বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে গেলে অর্থনৈতিক সমৃদ্ধি প্রয়োজন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করায় মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। পাশাপাশি ট্যাক্স দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করায় সর্বোচ্চ করদাতারা এই যুগে দেশের শ্রেষ্ঠ সন্তান।
সভাপতির বক্তব্যে সিলেটের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, করবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে করদাতাদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিতকরণ এবং জাতীয় রাজস্ব আহরণে কর অঞ্চল সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সোহরাওয়ার্দী, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গোলাম মো. মুনির, সিলেট মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ, সিলেট চেম্বার পরিচালক হিজকিল গুলজার, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট ডিস্ট্রিক্ট ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম ও ইউমেন্স চেম্বার সভাপতি স্বর্ণলতা রায়।








