সিলেটে ৭টিতে আ.লীগ, ৫টিতে বিদ্রোহী প্রার্থীর জয়
প্রচ্ছদ » সারাদেশ » সিলেটে ৭টিতে আ.লীগ, ৫টিতে বিদ্রোহী প্রার্থীর জয়
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ১২টি উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের সমানে-সমান টক্কর হয়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
সিলেট জেলার ১২টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আর ৫টি উপজেলায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা জয় পেয়েছেন।
এর আগে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১১টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।
সিলেটের ১২ উপজেলায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা হচ্ছেন- বিশ্বনাথ উপজেলার দুই বারের উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী এসএম নুনু মিয়া। নুনু মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৪৬৪ ভোট। আর সুহেল আহমদ চৌধুরী কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৪৮ ভোট।
ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে ১২ হাজার ৮৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওহিদুজ্জামান চৌধুরী ছুফি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৮৭ ভোট।
গোলাপগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৭১ ভোট।
গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ বিজয়ী হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ২৯ হাজার ৯ শত ১২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বজন ঘোড়া প্রতীকে ১৯ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন।
কানাইঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মুমিন চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলীয় বিদ্রোহী প্রার্থী মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট।
বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাকুর রহমান মফুর নৌকা প্রতীকে ২৫ হাজার ৩৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদাল মিয়া বিপুল ভোটে পরাজিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৮৮ ভোট।
বিয়ানীবাজার উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান খান নৌকা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৪১ ভোট।
কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গির আলমকে পরাজিত করেছেন। শামীম আনারস প্রতীকে ২৮ হাজার ৬৬১ ভোট পেয়েছেন আর জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ২৩ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন।
জৈন্তাপুরে ‘রাজাকারপুত্র’ লিয়াকত আলীকে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ। তিনি ঘোড়া প্রতীকে ৩১ হাজার ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী নৌকা প্রতীকে ২১ হাজার ৯৯৫ ভোট নির্বাচিত হয়েছেন।
সিলেট সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদ বিপুল ভোটে বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মাজহারুল ইসলাম ডালিম।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের ওপর আস্তা রেখেছেন জনসাধারণ। তিনি পুনরায় বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মইনুল হক। তিনি আনারস প্রতীকে নির্বাচন করেন।








