ওয়ালটন হাই-টেকের আইপিও আবেদন শুরু রবিবার

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ওয়ালটন হাই-টেকের আইপিও আবেদন শুরু রবিবার

Waltonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আগামী ৯ আগস্ট রোববার থেকে শুরু হচ্ছে। যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ এক লটের জন্য আবেদন করা যাবে। ওয়ালটনের আইপিও’র প্রতি লটে থাকছে ২০টি করে শেয়ার। প্রতি শেয়ারের দাম ২৫২ টাকা। সে হিসেবে ৫ হাজার ৪০ টাকায় ওয়ালটনের আইপিওতে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন পরে পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেকের মতো একটি ভালো কোম্পানির আইপিও আসছে শুনে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) খুবই ভালো অবস্থানে। এসব দিক বিবেচনায় পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের নজর এখন ওয়ালটন হাই-টেকের আইপিও’র দিকে। ওয়ালটন শেয়ারে বিনিয়োগ করে ভালো লভ্যাংশ পাবেন-এমন প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।

তথ্যমতে, ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওয়ালটন হাই-টেকের ইপিএস ৪৫.৮৭ টাকা ও এনএভি ২৪৩.১৬ টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সর্বশেষ অর্থবছরের প্রকাশিত ইপিএস বিবেচনায় ওয়ালটন অষ্টম স্থানে রয়েছে। এমনকি পুঁজিবাজারে তালিকাভুক্ত খ্যাতনামা বহুজাতিক কোম্পানিগুলোর চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি। এদিকে এনএভি বিবেচনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে পঞ্চম স্থানে আছে ওয়ালটন। আর তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের স্থান দ্বিতীয়।

এর আগে গত ২৩ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে কোম্পানিটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার ইস্যু করবে। এর মধ্যে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি শেয়ার নিলামে সফল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। বাকি ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি শেয়ার বিক্রি করা হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে ওয়ালটনের শেয়ারের কাট-অফ মূল্য বা প্রান্তসীমা নির্ধারিত হয়েছে ৩১৫ টাকা। বিদ্যমান আইন অনুসারে, এই প্রান্তসীমা থেকে কমপক্ষে ১০ শতাংশ কমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে হয়। তবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ২০ শতাংশ ছাড়ে এই শেয়ার ইস্যু করবে। তাতে আর ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের জন্য প্রস্তাবিত দর দর দাঁড়াচ্ছে ২৫২ টাকা।

কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে কাজে লাগানো হবে।

গত ৩০ জুন, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে পুনঃমূল্যায়নজনিত সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ২৪৩ টাকা ১৬ পয়সা। আর পুনর্মুল্যায়ন সঞ্চিতি ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৮ টাকা ৫৩ পয়সা।

সর্বশেষ ৫ অর্থবছরে কোম্পানিটির ভারিত গড় হিসাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

আ/ব/সি /পুঁজিবাজার রিপোর্ট – ৮ আগষ্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১